স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রসঙ্গত, শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা ও শিক্ষকতা পেশার বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৭:৫০ ১৩৯ বার পঠিত | আলোচনা সভাবিশ্ব শিক্ষক দিবসভোলায় বর্ণাঢ্য র্যালি