জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী

প্রথম পাতা » জাতীয় » জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

ভোলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের বড় একটি অংশ ঢাকা ও চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলায় ফিরেছেন।

 

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন মিরাজের শয্যার পাশে বসে আছেন তাঁর মা রিজিয়া বেগম। জ্বরে কাতর ছেলের শরীরে দুর্বলতা, সঙ্গে বমি। রক্ত পরীক্ষায় কমে গেছে প্লাটিলেট। কখনো ছেলের কপালে হাত রাখছেন, আবার কখনো চোখ মুছছেন মা।

রাজমিস্ত্রির কাজ করতে চট্টগ্রামে গিয়েছিলেন মিরাজ। সেখানে যাওয়ার আট দিনের মাথায় জ্বর আসে। পরে শরীর ব্যথা, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিরাজের বাবা কামাল রাঢ়ি জানান, তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে। কাজের জন্য চট্টগ্রামে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে।

রিজিয়া বেগম বলেন, ‘চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পোলাডা বাড়িতে চলে আসছে। কিছুই খেতে পারে না, খেলেই বমি করে। রক্ত পরীক্ষায় প্লাটিলেটও অনেক কম পাওয়া গেছে। ছেলের অবস্থা নিয়ে আমরা খুব চিন্তায় আছি।’

মিরাজের মতোই চট্টগ্রাম থেকে ডেঙ্গু নিয়ে ভোলায় ফিরেছেন মোজ্জাম্মল বেপারী। বাড়ি ফেরার পর জ্বর ও শরীর ব্যথা শুরু হলে তাঁকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁর রক্তে প্লাটিলেট কমে যায়। দেখা দেয় আরও কিছু শারীরিক জটিলতা।

অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু পরিবারের সামর্থ্য সীমিত হওয়ায় উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় স্বজনেরা।

মোজ্জাম্মলের মেয়ে আকলিমা বেগম জানান, তাঁর বাবা সম্প্রতি চট্টগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিন দিন আগে ভোলায় ফেরার পর জ্বর ও শরীর ব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে ডেঙ্গু শনাক্ত হয়।

আকলিমা বলেন, চিকিৎসকেরা বাবাকে বরিশালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেখানে চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, সেটিই এখন তাঁদের বড় চিন্তা।

ঢাকা থেকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলায় ফিরছেন অনেকে। মো. হোসেন ঢাকায় ডাব বিক্রি করেন। চার দিন আগে প্রচণ্ড জ্বর ও মাথাব্যথা শুরু হলে তিনি গ্রামের বাড়ি ভোলায় ফিরে আসেন। পরে হাসপাতালে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।

মো. হোসেন বলেন, ‘ঢাকায় ডাব বিক্রি করি। সেখানে ব্যাচেলর থাকি। হঠাৎ প্রচণ্ড জ্বর ও মাথাব্যথা শুরু হলে বাড়িতে চলে আসি। হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। ধারণা করছি, ঢাকাতেই আক্রান্ত হয়েছি।’

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ভোলায় স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফেরা মানুষের মধ্যে ডেঙ্গু শনাক্ত হচ্ছে বেশি।

ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরাও। ১০ মাস বয়সী রাফির মতো বিভিন্ন বয়সী শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকেরা।

রাফির মা লাইজু আক্তার জানান, তিন দিন ধরে তাঁর ছেলের জ্বর ছিল। জ্বর না কমায় হাসপাতালে এনে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

লাইজু আক্তার বলেন, রাতে মশারির ভেতর রাখার পরও তাঁর সন্তান কীভাবে ডেঙ্গুতে আক্রান্ত হলো, তা বুঝতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।

ভোলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। চলতি বছর এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩০০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান বলেন, প্রতিদিনই নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসছেন। তাঁদের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে ভোলায় ফিরেছেন।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। জ্বর, শরীর ব্যথা, বমি কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো প্রয়োজন। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

ডা. আরাফাতুর রহমান বলেন, ডেঙ্গু শনাক্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। রোগীর শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণও জরুরি।

ভোলার সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চলছে।

তিনি বলেন, সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও বরিশাল বিভাগের অন্যান্য জেলার তুলনায় ভোলার পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের বড় একটি অংশ ঢাকা ও চট্টগ্রাম থেকে ডেঙ্গু নিয়ে ভোলায় ফিরেছেন। তাই স্থানীয়ভাবে মশক নিধনের পাশাপাশি বাইরে থেকে আসা রোগীদের দ্রুত শনাক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে মশার বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জ্বর, শরীর ব্যথা, বমি বা ডেঙ্গুর অন্য কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে গিয়ে পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

ভোলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ও স্বজনদের উদ্বেগ। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে ফেরা মানুষের ক্ষেত্রে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এখন স্বাস্থ্য বিভাগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ ও মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়াতে পারলে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবি- ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড/ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৯   ২৫১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই: স্পিকার
● নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
● দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
● দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
● রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে হবে নতুন সড়ক, নির্মাণ করা হবে তিনটি ছোট সেতুভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
● সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
● বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

আর্কাইভ