চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



খলিল উদ্দিন ফরিদ, ভোলা

দ্বীপজেলা ভোলার অন্যতম পর্যটন উপজেলা চরফ্যাশন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা আসেন এ উপজেলায়। তবে শহরে প্রবেশের আগেই মহাসড়কের পাশে বিশাল ময়লার স্তূপ দেখে অনেকের মধ্যেই তৈরি হচ্ছে বিরূপ ধারণা। দীর্ঘদিন ধরে সেখানে পৌরসভার বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ ও পরিবেশদূষণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহনযাত্রীরা।

 

চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দিনের পর দিন বর্জ্য জমে সেখানে তৈরি হয়েছে বিশাল ভাগাড়। ময়লার স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় উৎকট দুর্গন্ধে পথচারী ও যাত্রীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চরফ্যাশন পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখনো বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। ফলে জনবসতিপূর্ণ এলাকার মহাসড়কের পাশের জায়গাটিই নিয়মিত বর্জ্য ফেলার স্থানে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, চরফ্যাশন শহরের প্রধান সড়কের পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে আছে। এর কাছেই রয়েছে আধুনিক বাস টার্মিনাল। বাসে ওঠানামার সময় যাত্রীদের ময়লার দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। বৃষ্টির পানি জমে ময়লা পচে গেলে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য এখানে ফেলা হচ্ছে। অনেক সময় ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুর্গন্ধের পাশাপাশি ধোঁয়ায় আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

একজন শিক্ষক বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে যাতায়াতের সময় এই ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যেতে হয়। ভাগাড়ের কাছে পৌঁছালেই উৎকট দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০ সালে চরফ্যাশন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে ২০০০ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। দীর্ঘ সময় পার হলেও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর ও স্থায়ী অবকাঠামো গড়ে না ওঠায় মহাসড়কের পাশের এলাকাটি ধীরে ধীরে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

সচেতন নাগরিকদের মতে, পর্যটননির্ভর একটি গুরুত্বপূর্ণ উপজেলার প্রবেশমুখে এ ধরনের বর্জ্যের স্তূপ কোনোভাবেই কাম্য নয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয়দের জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এবং পর্যটকদের কাছেও চরফ্যাশনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, দ্রুত মহাসড়কের পাশ থেকে বর্জ্যের স্তূপ সরিয়ে নির্ধারিত স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণ করতে হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ  বলেন,আমরা ডাম্পিং স্টেশন করার জন্য মন্ত্রনালয়ে চিঠি দিয়েছি।সেখান থেকে অনুমোদন পেলে আমরা ডাম্পিং স্টেশন করতে পারবো।আশা করি সরকার এ বিষয়ে দ্রুত নজর দিবে।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বর্জ্য ব্যবস্থাপনার এই সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৪   ১৩৪ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের

আর্কাইভ