ভোলাবাণী | খলিল উদ্দিন ফরিদ
শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষকরা। তাঁরা বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করলেই শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা, আত্মবিশ্বাস, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

রোববার সকালে ভোলা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা বিশ্লেষণ বিষয়ক এ সেমিনারে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মানসিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে সমাজকর্ম বিভাগের এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।
সেমিনারে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান, বিভাগীয় প্রধান এ এ এম হারুনুর রশিদ ও প্রভাষক মো. কাউসার হামিদ।
সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাইমুনা আক্তার, নুসরাত জাহান অরফিতা ও জান্নাতুল ফেরদৌস আখি।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নানা ধরনের সামাজিক ও মানসিক চাপে থাকে। তাই শিক্ষাব্যবস্থাকে শুধু পরীক্ষার ফলাফলকেন্দ্রিক না করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সমস্যা বুঝতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেওয়া জরুরি।
প্রতি বছরের মতো শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এবারও সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে শিক্ষার আধুনিকায়ন, শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সমস্যা মোকাবিলা এবং ভবিষ্যৎ দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৬ ৮৮ বার পঠিত | ভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে