ভোলাবাণী।।লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. ইসমাইল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর ভোলা ক্যাম্প।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল হোসেন লালমোহন উপজেলার বাসিন্দা।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নং-৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নং-৪৬/০১ রয়েছে। এসব মামলার মধ্যে একটি হত্যা মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল বিশেষ দায়রা জজ, পটুয়াখালী তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৮-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬:১৮:২৯ ৪৪ বার পঠিত | যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারলালমোহন