সেলিম রানা, ভোলাবাণী।।
বর্ষা এলেই ভরে ওঠে চরফ্যাশন উপজেলার খাল-বিল। একসময় এ মৌসুমে দেশীয় নানা প্রজাতির মাছের সমারোহ থাকলেও এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। চায়না তৈরি রিং জাল ও নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারে দিন দিন কমে যাচ্ছে দেশীয় মাছ। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা খাল-বিলবেষ্টিত। বর্ষাকালে এসব জলাশয় পানিতে পরিপূর্ণ হলে দেশীয় প্রজাতির মাছের বিচরণ বাড়ে। কয়েক বছর আগেও মাছ ধরতে ছাই, ফাঁলোফা, ঠেলা জাল, বড়শিসহ দেশীয় বিভিন্ন উপকরণ ব্যবহার করতেন জেলেরা। এসব পদ্ধতিতে মাছের প্রজনন বা জীববৈচিত্র্যের তেমন ক্ষতি হতো না।কিন্তু বর্তমানে অধিক মুনাফার আশায় অনেকেই চায়না তৈরি রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার করছেন। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছের পাশাপাশি মাছের পোনা, ব্যাঙ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দেশীয় প্রজাতির মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
হুমকিতে জলজ জীববৈচিত্র্য
সম্প্রতি উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নতুন বৃষ্টির পানি নামার সঙ্গে সঙ্গে অসাধু শিকারীরা খাল-বিলে রিং জাল ও কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন। স্থানীয় বাজারেও এসব জালে ধরা ছোট-বড় মাছ বিক্রি করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, “রিং জালে প্রায় সব ধরনের মাছ ধরা পড়ে। নতুন পানি এলেই আমরা এ জাল ব্যবহার করি। মাছের পাশাপাশি সাপ, ব্যাঙসহ অন্যান্য জলজ প্রাণীও এতে আটকা পড়ে।”

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, উপজেলার গভীর খাল-বিলের সংখ্যা তুলনামূলক কম। শুকনো মৌসুমে অধিকাংশ জলাশয়ে পানি না থাকাও দেশীয় মাছ কমে যাওয়ার একটি কারণ। তবে চায়না তৈরি রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে জব্দ করা নিষিদ্ধ জাল ধ্বংস করা হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:১৮:০৮ ২৩১ বার পঠিত | রিং জালরিং জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল