স্টাফ রিপোর্টার, ভোলা।
ভোলার চরফ্যাশনে বোম্বাই মরিচের বাণিজ্যিক চাষ করে আলোচনায় এসেছেন তরুণ কৃষক আবদুর রহিম। মাত্র পাঁচ একর জমিতে এ মরিচ চাষ করে চলতি মৌসুমে প্রায় ২৫ লাখ টাকার মরিচ বিক্রি করেছেন তিনি। কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগিয়ে তার এই সাফল্য এখন এলাকার কৃষকদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।

চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের চকবাজার এলাকার বাসিন্দা আবদুর রহিম কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের শাক-সবজির পাশাপাশি বোম্বাই মরিচ চাষ করছেন। তবে সর্জান পদ্ধতিতে চাষাবাদ শুরু করার পরই তিনি উল্লেখযোগ্য সাফল্য পান। বর্তমানে তার খামার দেখতে নিয়মিত বিভিন্ন এলাকার কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা আসছেন।
আবদুর রহিম বলেন, বোম্বাই মরিচ চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় তিনি কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন। তার এই সফলতা দেখে অনেক কৃষক বোম্বাই মরিচ চাষে আগ্রহী হচ্ছেন। তবে সঠিক পরিচর্যার অভাবে অনেকেই প্রত্যাশিত ফল পাচ্ছেন না।
৫ একরে ২৫ লাখ টাকার বিক্রি
তিনি জানান, তার উৎপাদিত মরিচ আকারে বড়, ঝাঁজ ও সুগন্ধে স্বতন্ত্র। তুলনামূলক কম কীটনাশক ব্যবহার করায় বাজারেও এর চাহিদা বেশি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর পাইকাররা সরাসরি তার খামার থেকে মরিচ সংগ্রহ করেন। বর্তমানে প্রতি কেজি মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
আবদুর রহিমের ভাষ্য, প্রায় দুই হাত প্রশস্ত ও একশ হাত দীর্ঘ একটি প্লট থেকে গড়ে ১০০ কেজি মরিচ উৎপাদন হয়। এর বাজারমূল্য ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। সর্জান পদ্ধতিতে মরিচ চাষের পাশাপাশি একই জমিতে মাছ চাষ করায় অতিরিক্ত আয়ও হচ্ছে। তিনি স্থানীয়ভাবে ‘ঘৃতনালী’ নামে পরিচিত ‘ঘৃত কাঞ্চন’ জাতের বোম্বাই মরিচ চাষ করছেন।
স্থানীয় কৃষক জামালউদ্দিন বলেন, আবদুর রহিমের সফলতায় অনুপ্রাণিত হয়ে তিনি ১৬ শতাংশ জমিতে বোম্বাই মরিচের আবাদ করেছেন। প্রথম বছরেই ভালো লাভ হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে এ মরিচ চাষের পরিকল্পনা নিয়েছেন।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, আবদুর রহিম কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের একজন উপকারভোগী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসলের পাশাপাশি বোম্বাই মরিচ চাষ করছেন। চলতি মৌসুমে পাঁচ একর জমিতে প্রায় ২০ হাজার গাছ রোপণ করে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকার মরিচ বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, বোম্বাই মরিচ চাষে উৎপাদন ব্যয় কম এবং লাভের সম্ভাবনা বেশি। তাই কৃষকদের এ চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৪১ ২৩৭ বার পঠিত | বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের