স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ভোলার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
ভোলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্প ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’। এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া বরিশাল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক উন্নয়ন এবং গোমা সেতু নির্মাণ প্রকল্পও সভায় অনুমোদন পেয়েছে।
সভায় মোট পাঁচটি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং চারটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ সময়: ১১:৪৯:২৩ ৪৪৫ বার পঠিত | একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন