ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকার ৬ নম্বর নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির একটি পুকুরে মাটি কাটার সময় গ্যাস নিঃসরণের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পুকুরের পানি সেচ দেওয়ার পর গত ২৩ এপ্রিল হঠাৎ পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যায়। পুকুরের মালিক বিষয়টি প্রথম লক্ষ্য করেন। পরে কৌতূহলবশত স্থানীয়রা মাটিতে সরু পাইপ বসিয়ে আগুন ধরালে পাইপের মুখে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে গ্যাস নিঃসরণের বিষয়টি পর্যবেক্ষণ করে।
বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি প্রাকৃতিক গ্যাস নয় বরং পুকুরের নিচে জমে থাকা জৈব পদার্থ পচে তৈরি হওয়া মিথেন গ্যাস হতে পারে। তারা জানান, গ্যাসের চাপ খুবই কম এবং এটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। গ্যাস ডিটেক্টরের মাধ্যমে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পাওয়া গেলেও উচ্চমাত্রার হাইড্রোকার্বনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা আরও জানান, এটি অগভীর স্তরে জমে থাকা স্বল্প পরিমাণ বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানে মাঝে মাঝে দেখা যায় এবং সাধারণত কিছু সময় পর নিজ থেকেই নিঃশেষ হয়ে যায়।
এদিকে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থলে আগুন না জ্বালানোর জন্য স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:৩৬ ২২৩ বার পঠিত |