খলিল উদ্দিন ফরিদ॥ ভোলাবাণী।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলায় বিএনপির দলীয় সিদ্ধান্ত নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ভোলা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলেও হঠাৎ করে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে বিএনপির জোট থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে সমর্থনের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ক্ষোভের পাশাপাশি আবেগ ও কান্নার বহিঃপ্রকাশ দেখা যায়।
বিক্ষোভ চলাকালে জেলা যুবদলের নেতা নাজিম উদ্দিন নিকসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “আপনি বলেছেন মিছিলের শেষ কর্মীকেও মূল্যায়ন করবেন। সেই আশ্বাসে আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে থেকেছি। এই সময় আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। আজ যখন সুযোগ এসেছে, তখন আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শহীদ নূরে আলম ও শহীদ আব্দুর রহীমের রক্তের বিনিময়েও আমরা ধানের শীষে ভোট দিতে চাই।”
তিনি আরও বলেন, “ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেখে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি।”
এ সময় কান্নাজড়িত কণ্ঠে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন বলেন, “ভোলা জেলা বিএনপি আন্দোলনের বাতিঘর। এই জেলা থেকে ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহীম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না।”
বক্তারা বলেন, “আমরা বড় এতিম। আমাদেরকে নিরাশ করবেন না, অভিভাবকশূন্য করবেন না।”
নেতাকর্মীরা আরও বলেন, স্বৈরাচার সরকারের সময় ভোলা জেলা বিএনপির সব কার্যক্রম গোলাম নবী আলমগীরের বাসা থেকেই পরিচালিত হয়েছে। হামলা-মামলার সময় তিনি ও তাঁর পরিবার নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দীর্ঘদিনের ত্যাগ ও কষ্টের স্বীকৃতি মিলেছিল। কিন্তু বর্তমান সিদ্ধান্তে সেই ত্যাগকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
স্বেচ্ছাসেবক দল নেতা লোকমান হোসেন লুকু চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভোলা বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছে। এই জেলার মানুষ আজও আপনাদের দিকে তাকিয়ে আছে। আমাদের আশা-ভরসা ভেঙে দেবেন না।”
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে রাখার জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১১:০০:২৭ ৮০ বার পঠিত |