
মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী।।
চরফ্যাশন উপজেলা শহরের পর্যটন স্পট ফ্যাশন স্কয়ার পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এখানে এসে ফ্যাশন স্কয়ারের পানির ফোয়ারা, চরফ্যাশন টাওয়ার (সাবেক নাম জ্যাকব টাওয়ার), চরফ্যাশন শিশু ও বিনোদন পাক এবং দৃষ্টি নন্দন খাস মহল জামে মসজিদ দেখে মুগ্ধ হন পর্যটকরা। উপজেলার কুকরী মুকরী ও তারুয়া পর্যটন স্পট ঘুরে এসে শেষ সময় দেন এই স্পটটিতে।
বছরের বার মাস প্রতিদিন দুপুরের পর পর্যটকরা ফ্যাশন স্কয়ারের এই স্পটটিতে সময় দিলেও শীত মৌসুমে প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অগনিত দেশী বিদেশী পর্যটকের পদচারনায় মুখরিত থাকে স্পটটি। কিন্তু এই স্পটে আগত পর্যটকদের জন্য নেই কোনো শৌচাগার। ফলে পর্যটকদের সমস্যা হচ্ছে। অল্প বয়সের লোকেরা দুরে অন্যত্রে গিয়ে তাদের প্রয়োজন সাড়তে পারলেও মহিলা এবং বয়স্ক পর্যটকরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন। শৌচকর্মের জন্য এদের মধ্যে কেউ কেউ পাশ্ববর্তী মহিলা বিষয়ক কার্যালয়ের অফিসে কিংবা শহরের হোটেলগুলির শরণাপন্ন হন। এতে অনেকে ফিরিয়ে দেয়, কেউ মানবিকতার খাতিরে তাঁদের অনুরোধ মেনে নেন।
মনপুরা থেকে ঘুরতে আসা মোতাহার ভূইয়া নামের এক ব্যাক্তি জানান, তিনি ফ্যাশন স্কয়ারে ঘুরতে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শৌচাগার না থাকায় সমস্যায় পরেছেন। একই রকম ভোগান্তির কথা জানিয়েছেন গাজীপুর থেকে আসা মিরাজ ও বাবুলসহ কয়েকজন নারী পর্যটক ।
তারা এই প্রতিনিধিকে এ সমস্যার কথা জানিয়ে বলেন, চলতি পথে গণশৌচাগার ব্যবহার করতে হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সে কারণে অনেকেই বাইরে পানি পান থেকে বিরত থাকেন। কিংবা কম পানি পান করেন, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পর্যটকদের আরাম দায়ক ভ্রমনের স্বার্থে এ স্পটে প্রয়োজন সংখ্যক শৌচাগার নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন তারা। স্থানীয়রা বলেন, চরফ্যাশনে এত উন্নয়ন কাজ হচ্ছে, কিন্তু পর্যটকদের জন্য শৌচাগারের ব্যবস্থা নেই, এটা দুঃখ জনক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী বলেন, পর্যটকদের জন্য গণশৌচাগার না থাকায় তারা ভোগান্তিতে পড়ছেন। অনেকে আমাদের অফিসের শৌচাগারে এসে তাদের প্রয়োজন সাড়েন। মানবিক কারণে আমরা অফিসের একটি টয়লেট তাদেরকে ছেড়ে দিয়েছি। তিনি পর্যটকদের সুবিধার্থে ফ্যাশন স্কয়ার এলাকায় পয়োজন সংখ্যক শৌচাগার নির্মাণে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.শামীম হাসান বলেন, পর্যটকদের জন্য এখানে গণশৌচাগার প্রয়োজন। আমি ইউএনও স্যারের সঙ্গে এবিষয়ে কথা বলবো।
চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এই পর্যটন স্পটটিতে গণশৌচাগারের প্রয়োজনীয়তা আমিও অনুভব করছি। সুবিধা জনক স্থান নির্ধারণ করে শৌচাগার নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:৪৯:১৯ ৮৪ বার পঠিত |