ছোটন সাহা।।ভোলাবাণী।।
ভোলায় বিএনপি ও বিজেপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
শনিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা বিজেপি এক সমাবেশ ও মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে তারা সমাবেশ করে। একই সময়ে বিএনপিও দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল বের করে।
দুই দলের সমাবেশ ও মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন, যার মধ্যে গণমাধ্যমকর্মীরাও রয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি, অফিস, পোস্টার ও ব্যানার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ করে বলেন, “বিজেপি নেতাকর্মীরাই আমাদের মিছিলে ককটেল নিক্ষেপ করেছে। এতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।”
অন্যদিকে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “বিএনপির একটি উশৃঙ্খল অংশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। তারা দলীয় কার্যালয় ভাঙচুর করেছে এবং আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছে।”

ঘটনার পরপরই পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে। এ ঘটনায় আজ বিকেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জেলা বিজেপি।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৪ ৮৭ বার পঠিত |